শহরটাকে একটু সবুজ করার নেশায় সিটি কর্পোরেশন রাস্তার মাঝখানের আইল্যান্ডে কিছু গাছ লাগিয়েছিল। ভেবেছিলাম জ্যামে বসে অন্তত একটু সবুজ দেখে চোখ জুড়াব। কিন্তু আজ জ্যামে আটকে জানলা দিয়ে তাকিয়ে দেখি, গাছের সবুজ পাতা দেখা তো দূরের কথা, প্রতিটি গাছের কান্ড এখন একেকটা বিজ্ঞাপনের বিলবোর্ড হয়ে গেছে।

একটা কচি মেহগনি গাছের গায়ে অন্তত চারটা পেরেক ঠুকে টাঙানো হয়েছে—‘গ্যাস্ট্রিক থেকে মুক্তির মহৌষধ’, ‘পুরান ঢাকায় ফ্ল্যাট বিক্রি’, আর ‘বিসিএস ক্যাডার হওয়ার নিশ্চিত ফর্মুলা’। গাছের মায়া ত্যাগ করে আমি কাছেই দাঁড়িয়ে থাকা এক ল্যাম্পপোস্টের নিচে হেলান দিয়ে থাকা এক লোক—যিনি সম্ভবত এই বিজ্ঞাপনগুলো দেখাশোনা করছেন—তাঁকে জিজ্ঞেস করলাম।

আমি: "ভাই, গাছগুলো তো লাগানো হয়েছিল অক্সিজেন দেওয়ার জন্য। আপনারা যেভাবে পেরেক ঠুকে বিজ্ঞাপন লাগিয়েছেন, গাছগুলো তো মরে যাচ্ছে। গাছের কি কষ্ট হয় না?"

ভদ্রলোক আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো বড় অপরাধ করে ফেলেছি। তিনি হাতের বিজ্ঞাপনী বান্ডিলটা গুছিয়ে নিয়ে বললেন, "আরে ভাই, গাছ কি শুধু অক্সিজেন দেওয়ার জন্য? এইটা তো একটা 'ন্যাচারাল ডিসপ্লে বোর্ড'। আমরা তো গাছের উপকার করতেছি!"

আমি আকাশ থেকে পড়লাম। বললাম, "পেরেক ঠুকে উপকার করছেন? এটা কেমন কথা?"

তিনি এবার বিজ্ঞের মতো হাসলেন। "বোঝেন না কেন ভাই? গাছ যখন বড় হয়, তখন ওর গায়ে শ্যাওলা ধরে, পোকা ধরে। আমরা এই বিজ্ঞাপনের বোর্ডগুলো দিয়া ওর গায়ে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করছি। আর এই যে 'গ্যাস্ট্রিকের ওষুধের' বিজ্ঞাপনটা গাছের গায়ে আছে, ওইটা দেখে গাছের নিজেরও যদি পেটে গ্যাস হয়, সে নিজেই নিজের চিকিৎসা করতে পারবে। আমরা তো সেলফ-সার্ভিস সিস্টেম চালু করছি!"

আমি স্তব্ধ হয়ে বললাম, "ভাই, গাছের পেটে গ্যাস হবে? গাছ কি বিরিয়ানি খায়? আর মানুষ যে জ্যামে বসে গাছের সবুজ দেখতে চায়, তার কী হবে?"

ভদ্রলোক এবার আমার কাঁধে হাত দিয়ে পরম মমতায় বললেন, "শোনেন ভাই, সবুজ দেখে কী হবে? সবুজ দেখলে কি পেটে ভাত জুটবে? এই যে বিজ্ঞাপনে লেখা 'বিসিএস গাইড', জ্যামে বসে ছাত্ররা যদি এটা পড়ে ক্যাডার হয়ে যায়, তবে কি দেশের উন্নয়ন হবে না? আমরা গাছের অক্সিজেনকে 'নলেজে' রূপান্তর করতেছি। আপনি কি চান জাতি অশিক্ষিত থাকুক?"

উনার এই 'অক্সিজেন বনাম নলেজ' এবং 'গাছের গ্যাস্ট্রিক থিওরি' শুনে আমার মস্তিস্ক পুরোপুরি লক হয়ে গেল। আমি যে গাছের স্বাস্থ্যের চেয়ে নিজের চোখের আরামকে বড় করে দেখেছি, সেই ক্ষুদ্র মানসিকতার জন্য লজ্জিত হয়ে বললাম—

"ও আচ্ছা ভাই... সরি!"